জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে শুরুতে তিনি চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। একই সঙ্গে নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। এ জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সিয়ামের বাবা আব্দুস সোবাহান বলেন, প্রায় এক সপ্তাহ ধরে ছেলের জ্বর ছিল। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বারবার বললেও সিয়াম তা গুরুত্ব দেননি। বুধবার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চললেও তার আগেই ছেলে মারা যায়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন মামুন জানান, সিয়ামকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষায় ডেঙ্গুর উপসর্গের পাশাপাশি তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণের বিষয়টি দেখা যায়। দ্রুত অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তিনি মারা যান।
চিকিৎসক মোবারক হোসেন মামুন বলেন, জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গেলে ডেঙ্গুর গুরুতর জটিলতা এড়ানোর সুযোগ থাকে।



