Uncategorized

চাঁদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পর বিষাক্ত সাপের কামড়ে মো. আব্দুল হান্নান মিজি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হান্নান মিজি ওই বাড়ির আবুল কালামের ছোট ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে হান্নান মিজি বিলের মাঠে কৃষিকাজ শেষ করে বাড়ি ফেরেন। বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং বমি করতে থাকেন। অবস্থা গুরুতর দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, বিলের মাঝে কাজ করার সময় কোনো বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তবে শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি বা ব্যথাও তেমন অনুভব করেননি। বাড়িতে আসার পর বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​বড়কুল পশ্চিম ইউনিয়নের সদস্য (ইউপি সদস্য) মো. জহির হোসেন সাপের কামড়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হান্নান মিজি নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button