বাংলাদেশ

এক্সপ্রেসওয়েতে বিকল বাসে আরেক বাসের ধাক্কায় নিহত তিন, আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এ সময় ঢাকামুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে পালকি পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এমএম মুনতাসির মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, নাকি দুটি বাসই ঢাকামুখী চলছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button