বাংলাদেশ

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন—এমন প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময়ই হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে। কারণ কোথায় কোথায় ভ্রমণ করেছেন, তার তালিকা আলাদা করে সংরক্ষণ না করলে সময়ের সঙ্গে অনেক জায়গার নামই মনে রাখা সম্ভব হয় না।

তবে এবার খুব সহজেই নিজের ভ্রমণের হিসাব চোখের সামনে তুলে ধরতে পারবেন। বাংলাদেশের কোন কোন জেলা ঘোরা হয়েছে এবং এখনো কোনগুলো বাকি, তা দেখানোর জন্য তৈরি করা হয়েছে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ম্যাপ।

অনেকেই নিজেদের ঘুরে আসা জেলার তালিকা ম্যাপে চিহ্নিত করে সেটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন। আপনিও কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই নিজের ভ্রমণচিত্র তৈরি করতে পারবেন।

যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ

নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগের অধীনে থাকা ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে।

আপনি যে জেলাগুলো ভ্রমণ করেছেন, সেগুলো তালিকা থেকে নির্বাচন করতে পারবেন। চাইলে ওয়েবসাইটে থাকা বাংলাদেশের মানচিত্র থেকেও সরাসরি জেলা বেছে নেওয়া যাবে। কোনো নির্দিষ্ট জেলা খুঁজে পেতে রয়েছে সার্চ করার সুবিধাও।

যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপের ওপর ততগুলো জেলার মোট সংখ্যা দেখাবে। যেমন—৬৪ জেলার মধ্যে ১৫টি ভ্রমণ করা হয়ে থাকলে সেখানে ১৫/৬৪ হিসেবে হিসাবটি দেখা যাবে।

একসঙ্গে সব জেলা নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার আগের নির্বাচন মুছে নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’ সুবিধা।

পছন্দ অনুযায়ী সাজানো যাবে ম্যাপ

শুধু জেলার তালিকা তৈরি করাই নয়, নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণ ম্যাপের চেহারাও পরিবর্তন করা যাবে। ওয়েবসাইটে রয়েছে পাঁচ ধরনের থিম। সেখান থেকে পছন্দের থিম নির্বাচন করে ম্যাপটি নিজের মতো করে সাজিয়ে নেওয়া সম্ভব।

যুক্ত করা যাবে নিজের নাম ও ছবি

ভ্রমণ ম্যাপটিকে আরও ব্যক্তিগত করে তুলতে নিজের ছবি যুক্ত করার সুযোগও রয়েছে। চাইলে ম্যাপে নিজের নামও লিখে দেওয়া যাবে।

নাম যুক্ত করলে সেটি ম্যাপের ওপরে প্রদর্শিত হবে। আর নাম না দিলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ডাউনলোড করে শেয়ার করার সুবিধা

সব তথ্য ও ডিজাইন ঠিক করার পর ম্যাপটি সংরক্ষণ করা যাবে। ওয়েবসাইটের ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন ব্যবহার করে এটি PNG, JPG কিংবা PDF ফরম্যাটে ডাউনলোড করা সম্ভব।

ডাউনলোড করা ম্যাপ পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করা যাবে।

শুধু বাংলাদেশের নয়, একই ওয়েবসাইটে বিশ্ব ভ্রমণের হিসাব রাখার জন্যও ম্যাপ তৈরির সুবিধা রয়েছে। ফলে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের কোন কোন দেশ ঘোরা হয়েছে, সেটিও একইভাবে চিহ্নিত করে রাখা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button