সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ধ্রুব।
তিনি বলেন, এর আগেও কৃষ্ণ রায়ের ওপর হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে তারা কর্মসূচি পালন করেছিলেন। এরপর আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। হামলার আগে অভিযুক্তদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আশিকুর রহমান ধ্রুব আরও বলেন, হামলার পর সিসিটিভি ফুটেজ নিয়ে দীর্ঘ সময় প্রক্টরের কার্যালয়ে অবস্থান করেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তা না হলে ভবিষ্যতে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর আবারও হামলার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, তা তারা প্রত্যাশা করেননি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় সাংবাদিকরা জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকতার স্বাধীনতা বাধাগ্রস্ত হলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হক বকুল বলেন, তাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে শিক্ষকরা রাতেই তাদের দেখতে যান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনা শিক্ষার পরিবেশের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের আয়নার মতো কাজ করে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।



