আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

বাংলা টিভি ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জিনের নাম সৈয়দ ইসলাম (৫০)। তিনি ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজানের মাঝপথে হঠাৎ তার কণ্ঠ থেমে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন মসজিদে ছুটে যান। সেখানে গিয়ে তারা মেঝেতে রক্তাক্ত অবস্থায় মোয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন।
পরে তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, আহত মোয়াজ্জিনকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



