নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ বছর বয়সি ওই পর্যটক নাটোর সদর থানায় অভিযোগ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জার্মান তরুণ কিরিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার কয়েকটি দর্শনীয় স্থান ঘোরার পর বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন কিরিল। বিকেলে নাটোর স্টেশনে পৌঁছানোর পর তার পরিকল্পনা ছিল অন্য একটি ট্রেনে দর্শনা স্টেশনে গিয়ে সেখান থেকে ভারতে যাওয়া।
নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগারে অপেক্ষা করার সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। কথা বলার একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন কিরিল। ব্যাগটির ভেতরে একটি ল্যাপটপ, ক্যামেরা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
ব্যাগটি হারিয়ে যাওয়ার পর স্টেশনজুড়ে অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাননি তিনি। একপর্যায়ে হতাশ হয়ে কাঁদতে শুরু করেন ওই তরুণ। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তিনি।
স্টেশন কর্তৃপক্ষ ঘটনাটি সান্তাহার রেলওয়ে থানাকে জানায় এবং কিরিলকে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেয়। এরপর সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ঘটনাটি মূলত জিআরপি পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।



