উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে গাজীপুরে নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রোববার সকালে আরও ১৬টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার (১৫ নভেম্বর) সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছিল যে রোববার থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
রোববার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। ফলে কর্মস্থলে প্রবেশ না করেই তাদের ফিরে যেতে হয়। অনেক শ্রমিক দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাননি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ চলছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে চলমান শ্রম অসন্তোষের মধ্যে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে কিংবা শ্রমিকেরা কাজে যোগ না দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকেরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পকারখানার নিরাপত্তা এবং উৎপাদনের উপযোগী পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট এলাকার প্রতিষ্ঠানগুলো চালু রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট সংঘটিত হলে মালিক চাইলে ওই শাখা অথবা সম্পূর্ণ প্রতিষ্ঠান আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে পারবেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পাবেন না।
এর আগে গত মাসের শেষ দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। পরবর্তী সময়ে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা সহিংস রূপ নেয়। এতে একজন শ্রমিক নিহত হন।
শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আরও ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ ছাড়া সাতটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



