
বিনোদন ডেস্ক: ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে একে অপরকে পরোক্ষভাবে কটাক্ষ করে আসছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে পাল্টাপাল্টি মন্তব্য। এবার নতুন একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে এসেছে তাদের মনোমালিন্য।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পরীমনির ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। জবাবে তিনি বলেন, একজন শিল্পীর জীবনযাপন সবসময় পরিপাটি ও গোছানো হওয়া প্রয়োজন। অপুর এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।
এরপর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে মন্তব্য করেন অপু বিশ্বাস। তার বক্তব্যে উঠে আসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যকার পার্থক্যের বিষয়টি। বিভিন্ন আয়োজনে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।
অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন তিনি। এমনকি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন এই অভিনেত্রী।
পরীমনির এমন বক্তব্যের পর এবার মুখ খুলেছেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন তিনি।
অপু বিশ্বাসের দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর সেগুলোও তেমন আলোচনায় আসেনি।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। নিজের ফেসবুক পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তার মন্তব্যে অপু বিশ্বাসকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কাজ ও অভিনয়ের বাইরে ব্যক্তিগত বিরোধ নিয়ে প্রকাশ্যে এমন কটাক্ষ চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতিকেও সামনে নিয়ে আসছে।



