বিনোদন

পাঁচ বছরের বিরতি শেষে আন্তর্জাতিক অর্জন নিয়ে ফিরলেন এহসানুল হক বাবু

বিনোদন ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে নতুন কাজ নিয়ে আবারও আলোচনায় চলচ্চিত্র প্রযোজক এহসানুল হক বাবু। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’র মধ্য দিয়ে প্রযোজনায় নতুন করে সক্রিয় হয়েছেন তিনি। সিরিজটির আন্তর্জাতিক সাফল্যের সুবাদে বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যও যুক্ত হয়েছে নতুন অর্জন।

দীর্ঘ বিরতির পর এবার ফিরেছেন আন্তর্জাতিক স্বীকৃতির গল্প নিয়ে। ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক সিরিজভিত্তিক উৎসবে।

গত ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয় নাজিফা তুষী অভিনীত এই মিনি সিরিজ। আন্তর্জাতিক দর্শক ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হওয়ার পর সুইজারল্যান্ডের ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করে ‘অ্যানি’। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সিরিজ নির্মাণের ক্ষেত্রে নতুন স্বীকৃতি যুক্ত হয়।

সংখ্যায় সীমিত হলেও প্রতিটি কাজের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করেছেন এহসানুল হক বাবু। এর আগে পাঁচ বছর আগে তার প্রযোজনায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সেটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।

সেই অর্জনের পর এবার ওয়েব সিরিজের আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হলো ‘অ্যানি’। বাংলাদেশের কনটেন্টকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই নতুন এই কাজকে দেখছেন প্রযোজক।

বারবার নতুন অর্জন নিয়ে ফেরার অনুভূতি জানতে চাইলে এহসানুল হক বাবু বলেন, পুরস্কার পাওয়ার লক্ষ্য নিয়ে তারা কখনো কাজ করেননি। বরং যেসব গল্পের নিজস্ব শক্তি রয়েছে এবং আন্তর্জাতিক দর্শকের সঙ্গে সংযোগ তৈরির সম্ভাবনা আছে, সেসব গল্পের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। কাজের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হলে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।

তার মতে, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি কোনো একজন প্রযোজকের একক সাফল্য নয়; বরং দেশের পুরো চলচ্চিত্র ও কনটেন্ট ইন্ডাস্ট্রির অর্জন।

বাংলাদেশের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সিরিজ উৎসবে অংশগ্রহণের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এহসানুল হক বাবু বলেন, চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিশেষায়িত সিরিজ উৎসবেও বাংলাদেশের কাজ তুলে ধরার সুযোগ রয়েছে। ‘অ্যানি’র মাধ্যমে সেই সম্ভাবনাকে সামনে আনার চেষ্টা করেছেন তারা।

তাড়াহুড়ো নয়, গল্পের প্রয়োজনকেই গুরুত্ব

প্রতিটি নতুন কাজের মধ্যে চার থেকে পাঁচ বছরের বিরতি থাকার কারণ ব্যাখ্যা করে এই প্রযোজক জানান, দ্রুত নতুন প্রকল্প শুরু করার চেয়ে উপযুক্ত গল্প খুঁজে পাওয়াকেই বেশি গুরুত্ব দেন তারা।

তার ভাষায়, পরবর্তী কাজ কখন শুরু হবে, সেই তাড়নার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন গল্প বলার সঠিক সময় এসেছে কি না, তা নিশ্চিত হওয়া। এই ধৈর্যই প্রতিটি প্রকল্পে নতুনভাবে কাজ করার সুযোগ তৈরি করে।

সময় ও প্রযোজনার ধরন বদলালেও চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ ও দায়বদ্ধতা একই রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রযোজক এবং চলচ্চিত্র উৎসব-সংশ্লিষ্ট পরামর্শকদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি। উদ্দেশ্য, নতুন চলচ্চিত্র প্রকল্পকে পরিকল্পনার শুরু থেকেই আন্তর্জাতিক মান ও বাজারের উপযোগী করে তোলা।

‘লাইভ ফ্রম ঢাকা’, ‘রেহানা মরিয়ম নূর’ এবং ‘অ্যানি’র পর এবার কোন নতুন কাজ নিয়ে আসছেন তিনি, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে।

এ প্রসঙ্গে এহসানুল হক বাবু জানান, নতুন প্রকল্পের চিত্রনাট্য তৈরিতে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র পরামর্শকদের সঙ্গে গল্প পাঠ, চরিত্রের গভীরতা এবং দৃশ্য নির্মাণের ধরন নিয়ে চলছে বিস্তারিত আলোচনা।

এবারের প্রকল্পে শুরু থেকেই আন্তর্জাতিক যৌথ প্রযোজনার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। গল্প নির্বাচন থেকে শুরু করে বাজেট পরিকল্পনা, শুটিংয়ের স্থান এবং পোস্ট-প্রোডাকশনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং ইউরোপের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে এখনো কিছু কাজ বাকি রয়েছে।

নতুন চলচ্চিত্রের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে গল্পের বিষয়বস্তু ও নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে নিজের ভাবনা জানিয়েছেন এই প্রযোজক।

তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক যখন তার নির্মিত চলচ্চিত্র দেখবেন, তখন গল্পের মধ্যে বাংলাদেশের পরিচয় খুঁজে পাবেন। একই সঙ্গে গল্পের অনুভূতি যেন ভৌগোলিক সীমা ছাড়িয়ে সবার কাছে পৌঁছায়, সেটিই তার প্রত্যাশা।

বিজ্ঞাপনচিত্র থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনা

এহসানুল হক বাবুর প্রযোজনার পথচলা শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্র নির্মাণের মধ্য দিয়ে। গত এক দশকেরও বেশি সময়ে তিনি পাঁচ শতাধিক বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র ও করপোরেট চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় দেশের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

তার প্রযোজনায় নির্মিত জীবনীভিত্তিক বিজ্ঞাপন, ঐতিহাসিক বিষয়নির্ভর কাজ এবং বিভিন্ন সরকারি প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেমকে আধুনিক দৃশ্যায়নের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

প্রযোজনার পাশাপাশি দেশের চলচ্চিত্র নির্মাণের অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছেন তিনি। স্টুডিও সুবিধা, ক্যামেরা, নির্মাণ প্রযুক্তি এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি সেবা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এহসানুল হক বাবুর বিশ্বাস, মানসম্মত চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতিভাবান নির্মাতা ও ভালো গল্পের পাশাপাশি প্রয়োজন উন্নত প্রযোজনা ব্যবস্থাপনা এবং শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের গল্পের মধ্যে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর মতো যথেষ্ট শক্তি রয়েছে। সেই গল্পগুলোকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার দীর্ঘমেয়াদি লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button