বাংলাদেশ

বিদেশি পিস্তল ও বিপুল গোলাবারুদসহ ‘জর্দা শামীমের’ চার সদস্য গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: বিদেশি পিস্তল, রিভলভার, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জামসহ আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী, শ্যালক ও এক ভ্যানচালকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবির দাবি, অবৈধ অস্ত্রের মাধ্যমে ঝালকাঠিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন জর্দা শামীম। নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতন, চাঁদাবাজি, জমি দখল এবং বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর কাজে এসব অস্ত্র ব্যবহার করা হতো। পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলভার ও একটি এয়ারগানসহ মোট আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি এবং অস্ত্র ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর সরানো হয় অস্ত্রভাণ্ডার

সংবাদ সম্মেলনে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী জর্দা শামীম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝালকাঠিতে তার গোপন অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পায় এসআরবি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শামীম গ্রেপ্তার হওয়ার পর তার অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ সহযোগিতা করেন। পরে অস্ত্রগুলো বরিশালের গৌরনদীতে অবস্থিত ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভ্যানচালক মো. রবিউল বেপারী নিজের বাড়িতে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করেন বলে দাবি এসআরবির।

অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

এসব তথ্যের ভিত্তিতে গত ১৭ নভেম্বর রাতে এসআরবি-৮-এর একটি অভিযানিক দল বরিশালের গৌরনদী থানার বাটাজোর এলাকায় রবিউল বেপারীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলভার এবং একটি এয়ারগান।

এ ছাড়া জব্দ করা হয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলভারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে উদ্ধার করা গোলাবারুদের পরিমাণ ২ হাজার ৭৬১ রাউন্ড।

অস্ত্রের পাশাপাশি একটি ম্যাগাজিন আনলোডারসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button