বাংলাদেশ

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে কঠোর বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের আর কোনো সহানুভূতি থাকবে না। নিরাপত্তার স্বার্থে তাদের রাস্তায় বের না হওয়ারও আহ্বান জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকায় তাদের আর প্রকাশ্যে চলাফেরা না করার বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি কঠোর অবস্থানের কথাও জানান।

যুবদলের এই নেতা দাবি করেন, সম্প্রতি কয়েকজনকে আটক করার পর তিনি তাদের রক্ষা করেছেন। রাতের আঁধারে যারা অগ্নিসংযোগের উদ্দেশ্যে বের হচ্ছে, তাদেরও আইনের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে রাজনৈতিক অবস্থান পরিবর্তনকারীদেরও সমালোচনা করেন নয়ন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং বর্তমানে বিএনপির পরিচয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন, তাদের সেই কৌশল কাজে আসবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের কর্মকাণ্ডের কারণে দলটির নেতাকর্মীদের প্রতি দেশের মানুষের সহানুভূতি কমে গেছে। এ সময় তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button