রাজনীতি

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার লাকসামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল লাকসামে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। ওই সময় লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনের সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভাইরাল হওয়া প্রায় ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার সময় আবুল হোসেন মিলন সেই পানিতে হাত ধুচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম তাকে সবার সামনে লাথি দেন বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনার বিষয়ে জানতে আবুল হোসেন মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি বলে তার অনুসারীরা জানিয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button