রাজনীতি

‘জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না’

বাংলা টিভি ডেস্ক: জুলাইয়ের চেতনাকে পুঁজি করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, তাদের জনগণের সামনে সেই পরিকল্পনার স্পষ্ট রূপরেখা তুলে ধরতে হবে।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই : প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজনমূলক রাজনীতি স্বৈরাচার ফিরে আসার সুযোগ তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য রক্ত দিক—এটি কেউ চায় না। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহির প্রশ্ন তোলা যথাযথ হবে না। তার মতে, সংসদ আইন প্রণয়ন করবে, প্রশাসন তা বাস্তবায়নে সহায়তা করবে; তবে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অতীতে নিম্ন ও উচ্চ আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবের মধ্যে দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু আইন পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়; প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। এজন্য সাংবিধানিক সংশোধন জরুরি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই বর্তমান সরকার আইনে রূপান্তর করেছে। প্রয়োজন হলে অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে আরও সংশোধন করা হবে।

সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে একটি টেকসই সংস্কার প্রয়োজন।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট কিছু বিষয়ে সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রয়েছে। তবে সাম্প্রতিক গণভোট সাংবিধানিক প্রক্রিয়ায় হয়নি; এটি প্রশাসনিক আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের পাশাপাশি দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকেও বিবেচনায় নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button