দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত

বাংলা টিভি ডেস্ক: গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে নিজেদেরই দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানের মাধ্যমে নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা প্রকাশ করা হয়েছিল। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হলে দেশের প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে তাদের স্বার্থেই কাজ করার অঙ্গীকার করা হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের পক্ষে কথা বলা অব্যাহত রয়েছে।
সংসদে গত পাঁচ মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কোনো ধরনের চাপ বা ভয়কে উপেক্ষা করেই তিনি বক্তব্য রেখেছেন। তার ভাষ্য, মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির বিরুদ্ধে সংসদে তিনি ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে এস আলমসহ বিভিন্ন গোষ্ঠী ব্যাংক ও রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়েছে। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে বালু, নদী ও গবাদিপশু চুরির অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।
জনগণের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতি, দখলদারিত্ব ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।



