রাজনীতি

‘ভিডিও ছড়িয়ে পরার পর ২য় স্ত্রী দাবি করা নিশ্চয়ই বিরোধীদলের ফতোয়ায় ইসলামিক?’

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ভিডিও প্রকাশের আগে নয়, বরং পরে সংশ্লিষ্ট নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা জামায়াতের নীতি বা ফতোয়ার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে তিনি জানতে চান, এ ঘটনায় বিরোধীদলীয় নেতৃত্ব সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো সাংসদীয় পদক্ষেপ নেবে, নাকি তার পক্ষে অবস্থান নেবে।

পোস্টের আরেক অংশে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, বিষয়টির নিষ্পত্তির জন্য দলের নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে এবং দলীয় গঠনতন্ত্র ও শরিয়াভিত্তিক নীতির আলোকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি কথিত অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশের পর গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী, ভিডিওতে থাকা মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা—সবার পক্ষ থেকেই দাবি করা হয়, ওই নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তবে এ দাবিকে ঘিরে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও নানা ধরনের আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button