জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

বাংলা টিভি ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করাসহ সাত দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জোটের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কয়েকজন শহীদ পরিবারের সদস্যও ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। এসব ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
জোটের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের কেউ কেউ এখনো গ্রেপ্তার হননি এবং অনেকে সরকারি দায়িত্বে বহাল রয়েছেন। তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে তারা মনে করছে। তবে ঢাকা, রংপুর ও কুষ্টিয়া ছাড়া অনেক জেলার ঘটনার তদন্ত এখনো অসম্পূর্ণ রয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া হত্যাকাণ্ড, হামলা, গুম, লাশ গোপন বা ধ্বংসের অভিযোগে জড়িত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জোটের নেতারা বলেন, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে ভুক্তভোগী পরিবার ও বিচারপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।



