‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ভুল-ত্রুটির ঊর্ধ্বে থাকা সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের দ্বারা ভুল বা অন্যায় ঘটতে পারে। তবে কোনো ধরনের অন্যায়কে দল কখনো সমর্থন বা প্রশ্রয় দেয় না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের অবস্থান স্পষ্ট—অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর মানে এই নয় যে দলের কোনো সদস্যের দ্বারা ভুল বা অপরাধ ঘটবে না। ভুল হলে তা স্বীকার করে সংশোধনের পথ গ্রহণ করা হবে।
তিনি দেশ ও জাতির স্বার্থে দলের ভুল-ত্রুটি তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান। তার ভাষ্য, কোনো অভিযোগ প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যাদের ওপর মানুষের আস্থা রয়েছে, তাদের আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। নৈতিকতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ছোটখাটো বা সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে তাদের মতামত জানিয়েছে। তিনি জনগণের সেই মতামতের প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি। পাশাপাশি জুলাই জাদুঘর চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে যদি গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে একই যুক্তিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে।



