‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’

বাংলা টিভি ডেস্ক: টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এস এম জিলানী বলেন, শেখ হাসিনার শাসনব্যবস্থা ছিল ফ্যাসিবাদী এবং তার দেশত্যাগের মধ্য দিয়েই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তার দাবি, টুঙ্গিপাড়ায় অতীতে কখনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। তবে এবার ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি কখনোই কারচুপি বা নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারেন—এমন আলোচনা শুনছেন। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘স্বাগত জানাতে’ তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি শেখ হাসিনার অতীতের কিছু বক্তব্যেরও সমালোচনা করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বক্তব্য দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।



