‘নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য অনাকাঙ্ক্ষিত।
শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশেদ খাঁন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ও মির্জা ফখরুল কোনো ধরনের আপস করেননি বা মাথা নত করেননি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় নাসীরুদ্দীন নেতৃত্বের পর্যায়ে ছিলেন না; বরং নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের একজন ছিলেন। তার দাবি, সে সময় সমন্বয়কদের তালিকাতেও নাসীরুদ্দীনের নাম ছিল না।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ, সে সময় যারা সক্রিয় ছিলেন না, তারা এখন বড় বড় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ডই ভবিষ্যতে এনসিপির রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।



