রাজনীতি

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূকে ঘিরে ওঠা অভিযোগের জেরে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাকে ঘিরে উভয় পক্ষই পরস্পরবিরোধী দাবি করেছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়দের ভাষ্য, এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে কয়েকজন ফারুক হোসেনকে আটক করে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, পূর্বের বিরোধের জেরে স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছেন। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফারুক হোসেন বলেন, তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ ভিত্তিহীন এবং ব্যক্তিগত বিরোধের কারণেই তাকে মারধর করে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং অর্থের প্রলোভন দেখিয়ে যোগাযোগের চেষ্টা করতেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তিনি তার আচরণ পরিবর্তন করেননি বলে অভিযোগ করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button