রাজনীতি

টুঙ্গিপাড়ায় দুপুরে জুলাই গণঅভ্যুত্থান তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা যায়, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তোরণটি নির্মাণ করে। শনিবার দুপুরে নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তোরণটিতে আগুন দিয়ে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তোরণের একটি অংশে থাকা টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি, নাম ও পদবি সংবলিত অংশ পুড়ে যায়।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর দাবি, ঘটনার সময় তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে ছিলেন। আগুন লাগানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তিনি এ ঘটনাকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তে প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button