ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে ক্ষমতাসীন বিএনপি এখন অতীতের ফ্যাসিবাদী শাসনের অনেক কর্মকাণ্ডই অনুসরণ করছে।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তার মূল শিক্ষা ভুলে যাওয়া উচিত নয়। তার দাবি, অতীতের সরকার যেভাবে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের পথ বেছে নিয়েছিল, বর্তমান সরকারও একই ধরনের আচরণ করছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, অতীতের রাজনৈতিক দমন-পীড়নের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার।
তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও গণরায়ের যথাযথ প্রতিফলন ঘটেনি। জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য ও ভোটাধিকার উপেক্ষাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যিনি একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত, তাকে গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে দায়িত্ব দেওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তার ভাষ্য, এ ধরনের নিয়োগ নির্বাচন ব্যবস্থার প্রতি জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।



