দলিত সম্প্রদায়ের হওয়ায় চেয়ার থেকে উঠিয়ে দুই ব্যক্তিকে বসানো হলো নিচে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের বিলওয়াড়া জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে চেয়ার থেকে উঠিয়ে মাটিতে বসতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রামেশ্বরলাল বৈরওয়া ও গোপীলাল বৈরওয়া পুলিশের কাছে দাবি করেছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গ্রামের অন্যদের সঙ্গে তারা চেয়ারে বসেছিলেন। এ সময় পাঁচ ব্যক্তি এসে তাদের গালাগাল করেন এবং চেয়ার ছেড়ে নিচে বসতে বলেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা তাদের উদ্দেশে বলেন, তারা ‘নিচু সম্প্রদায়ের’ হওয়ায় চেয়ারে বসতে পারবেন না। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যদের সামনেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়।
এ ঘটনায় মানসিকভাবে অপমানিত হওয়ার কথা জানিয়ে থানায় অভিযোগ করেন ওই দুই ব্যক্তি। অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে



