এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

বাংলা টিভি ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। এর আগে ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়।
রিংকু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া সরোজের জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে। তার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। বাবার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রিয়া নিজেও বর্তমানে ভারতের লোকসভার সদস্য।
তবে রাজনীতিতে আসার আগে আইন পেশায় ক্যারিয়ার গড়ার পরিকল্পনা ছিল প্রিয়ার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে উত্তরপ্রদেশের মাছলিশহর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয়া সরোজ। নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে লোকসভার সদস্য হন তিনি। নির্বাচনের পর তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে আলোচনায় আসেন।
অন্যদিকে রিংকু সিং বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্সের কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়েও দীর্ঘদিন ধরে খেলছেন তিনি।
২০২৫ সালে বাগদানের সময় এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, করোনাকালেই তাদের সম্পর্কের শুরু। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয় রিংকুর। পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেওয়ার পর তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়।
এরপর নিয়মিত কথাবার্তা চলতে থাকে দুজনের। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের দিকে তিনি বুঝতে পারেন প্রিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে। ম্যাচের আগে ও পরে দুজনের নিয়মিত কথা হতো।
রিংকুর ক্রিকেট ক্যারিয়ারে প্রিয়ার সমর্থনের কথাও বিভিন্ন সময় উঠে এসেছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালে দর্শকাসনে বসে রিংকুকে সমর্থন করতেও দেখা গেছে তাকে।
দুই পরিবারের সম্মতিতে এখন তাদের বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।



