আন্তর্জাতিক

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে মন্তব্য করে এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ পড়ার পর ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। একই পরিমাণ অর্থ দান করার জন্য বিলিয়নিয়ার রবার্ট ক্রাফটের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেন ম্যাকলমোর। এর পরই তাকে শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনায় এড শিরানের দিকে অভিযোগের আঙুল উঠলেও তিনি জানিয়েছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নিজের নয়; ট্যুরের আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্তেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার ঘটনায় শিরানের সফরসঙ্গীদের কয়েকজনও সরে দাঁড়িয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে ম্যাকলমোর তার বাদ পড়ার ঘটনায় রবার্ট ক্রাফটকেও দায়ী করেছেন। তার অভিযোগ, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ভেন্যুতে তাকে পারফর্ম করতে না দেওয়ার বিষয়ে প্রভাব বিস্তার করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে ক্রাফটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ম্যাকলমোর জানান, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার পুরো নিট আয় ফিলিস্তিনকে সহায়তাকারী ছয়টি সংগঠনের মধ্যে দান করবেন। এর পরিমাণ প্রায় ১০ লাখ ডলার।

পোস্টে ম্যাকলমোর বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর আলোচনার কেন্দ্রবিন্দু আবার ফিলিস্তিনের মানুষের দিকে ফেরানো প্রয়োজন। তার ভাষ্য, যারা সংঘাত, সামরিক দখলদারিত্ব ও স্বাধীনতার দাবির মধ্যে জীবনযাপন করছেন, তাদের পরিস্থিতিই আলোচনার মূল বিষয় হওয়া উচিত।

তিনি আরও জানান, ট্যুর থেকে পাওয়া নিজের পুরো ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনের জনগণকে সহায়তা করা ছয়টি সংগঠনকে দেওয়া হবে। একই সঙ্গে রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানান তিনি।

ম্যাকলমোর বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের জীবন রক্ষার প্রশ্নে সবাই একমত হতে পারেন। তার বক্তব্য, ফিলিস্তিনিদের জীবনের মূল্য অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে কম নয়।

পোস্টের শেষেও ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ম্যাকলমোর। সংবাদমাধ্যমের আলোচনার বিষয় সময়ের সঙ্গে বদলে গেলেও ফিলিস্তিনের পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: ভ্যারাইটি

সংশ্লিষ্ট খবর

Back to top button