আন্তর্জাতিক

মাতাল হয়ে ২৪১ কি:মি গতিতে গাড়ি চালাচ্ছিলেন অন্ধ ব্যক্তি! অতঃপর….

আন্তর্জাতিক ডেস্ক: ২৯ জুন ভোরে ইংল্যান্ডের পুলিশ কর্মকর্তারা কার্লাইলের কাছে M6 মোটরওয়েতে টহল দেওয়ার সময় একটি Opel Meriva গাড়িকে এক লেন থেকে আরেক লেনে বেপরোয়াভাবে ছুটতে দেখেন। প্রথমে তারা ভেবেছিলেন, গাড়িটির চালক হয়তো একজন বেপরোয়া মোটরচালক। কিন্তু গাড়িটি থামানোর পর তারা জানতে পারেন আরও চমকপ্রদ তথ্য।

চালক শুধু দৃশ্যত মদ্যপই ছিলেন না, তার কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির বীমাও ছিল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো—তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন ছিলেন।

সম্প্রতি আদালতে অ্যান্থনি হল মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ও বীমা ছাড়া গাড়ি চালানো এবং সঙ্গীর অনুমতি ছাড়া তার গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ স্বীকার করেন। তার আইনজীবী আদালতকে জানান, ব্যক্তিগত জীবনের নানা সংকট—বিশেষ করে সম্পর্কের সমস্যা ও আর্থিক দুরবস্থার কারণে হতাশ হয়ে হল এমনটি করেছিলেন। তবে এসব কারণ ব্যাখ্যা করতে পারেনি, কেন একজন প্রায় দৃষ্টিহীন ব্যক্তি মদ্যপ অবস্থায় মহাসড়কে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলেন।

হল জানান, নিজের সমস্যাগুলো থেকে পালিয়ে স্কটল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর আগে সঙ্গীর সঙ্গে চার বোতল ওয়াইন পান করেছিলেন। জীবনে কখনো ড্রাইভিং লাইসেন্স না থাকলেও গাড়ি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি গাড়ি চালাতে জানতেন বলে দাবি করেন। প্রায় দুই বছর আগে দৃষ্টিশক্তি প্রায় সম্পূর্ণ হারালেও সেটি তাকে গাড়ি চালানো থেকে বিরত করেনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, M6 মোটরওয়েতে গাড়ি চালানোর সময় হল একটি পেট্রল স্টেশনে জ্বালানি নিতেও থেমেছিলেন। সেখানে কর্মীরা তাকে জ্বালানি নিতে সহায়তা করেন। তবে তার মদ্যপ অবস্থা বা দৃষ্টিশক্তির গুরুতর সমস্যার বিষয়টি কেউ পুলিশকে জানাননি।

কীভাবে একজন প্রায় দৃষ্টিহীন ব্যক্তি রাতে মদ্যপ অবস্থায় মহাসড়কে প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার গাড়ি চালালেন—এ প্রশ্নের উত্তরে হল জানান, তিনি খুব অস্পষ্টভাবে গাড়ির আলো দেখতে পেতেন। তাই একটি বড় ট্রাকের পেছনে থেকে সেটির পেছনের লাইট অনুসরণ করছিলেন। তবে গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে তার সমস্যা হচ্ছিল। পুলিশ তাকে এক লেন থেকে আরেক লেনে এবং এমনকি মহাসড়কের জরুরি থামার পাশের অংশেও চলে যেতে দেখেছিল।

এভাবে গাড়ি চালানোর পরও কোনো দুর্ঘটনা না ঘটাকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলা যায়। তবে আদালত হলকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেয়, যা ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ৯০ দিন মদ্যপান থেকে বিরত থাকার এবং পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button