আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে ক্ষমা চাইলেন এড শিরান,কান্নায় ভেঙে পড়লেন মঞ্চে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ইস্যুকে ঘিরে চলমান বিতর্ক ও চাপের মধ্যে যুক্তরাষ্ট্রে কনসার্টের মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। নিজের নেওয়া কিছু সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং আমি ভুলও করেছি। এর জন্য আমি খুব, খুব দুঃখিত।’

১৯ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ‘লুপ’ ট্যুরের কনসার্ট দিয়ে আবারও মঞ্চে ফেরেন এড শিরান। তবে স্টেডিয়ামের ভেতরের পরিবেশের বাইরে ছিল ভিন্ন চিত্র। কনসার্টের সময় ভেন্যুর প্রধান ফটকের সামনে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’সহ গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কয়েকজন অনুরাগী ও বিক্ষোভকারী প্রতিবাদ হিসেবে কনসার্টের টিকিট ফেরত দিয়ে অনুষ্ঠানে না গিয়ে স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন সংগীতশিল্পী ম্যাকলেমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া হলেও এড শিরান ফিলিস্তিনিদের পক্ষে যথেষ্ট জোরালো অবস্থান নেননি। গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এই প্রতিবাদ করছেন বলে জানান।

এর মধ্যেই মঞ্চে ওঠেন এড শিরান। কনসার্টের একপর্যায়ে পরিস্থিতির আবেগ ও মানসিক চাপ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন নিজের নেওয়া সিদ্ধান্তের কথা উল্লেখ করে শিরান বলেন, তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এর মধ্যে কিছু ভুলও ছিল। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

শিরান আরও বলেন, তিনি কখনো নিজেকে একজন ‘অ্যাকটিভিস্ট সংগীতশিল্পী’ হিসেবে পরিচিত করতে চাননি। তার সংগীতের মূল বার্তা ছিল মানুষের মধ্যে ঐক্য তৈরি করা। তবে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ইস্যুর মাঝখানে এনে দাঁড় করিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ‘লুপ’ ট্যুর শুরু করেন ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ শিল্পী। যুক্তরাষ্ট্রে আরও ১৬টি কনসার্ট করার পর আগামী ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফরটি শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সাম্প্রতিক বিতর্ক ও চাপের মধ্যে ভবিষ্যতে সংগীতশিল্পী হিসেবে তিনি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েও নিজের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিরান।

সংশ্লিষ্ট খবর

Back to top button