নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ নামে ২৪ ঘণ্টার নতুন একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন এই স্ট্রিমিং সেবা চালু করা হলো।
হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত ‘ট্রাম্প টিভি’তে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, বক্তব্য ও উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং প্রশাসনের প্রধান সংবাদগুলো ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সিএনএন, এমএস নাউ ও পলিটিকো। তিন সংবাদমাধ্যম যৌথভাবে ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের পছন্দসই সংবাদ পরিবেশন না করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমগুলোর দাবি, এ ধরনের নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর পরিপন্থী।
অন্যদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হোয়াইট হাউসের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ‘ভুয়া খবর’কে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন।
এ ঘটনায় সিএনএনের পাশে দাঁড়িয়েছে কয়েকটি বড় মার্কিন সংবাদমাধ্যম। এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসি এক যৌথ বিবৃতিতে জানায়, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন সরকারের পছন্দ না হওয়াকে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপের কারণ হিসেবে ব্যবহার করা উচিত নয়। তারা বিকল্প কোনো প্রতিনিধি পাঠাতেও রাজি হয়নি।
এরই মধ্যে সোমবার হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রদর্শনীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেনি এসব নেটওয়ার্ক। অনুষ্ঠানের সময় হেলিকপ্টারের শব্দে ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। পরে নিউইয়র্কের উদ্দেশে মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের করা প্রশ্নেরও উত্তর দেননি ট্রাম্প।
সূত্র: টাইমস নাউ



