বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: বাসে বসে উচ্চ শব্দে গান শোনা, আসনে পা তুলে বসা, খাওয়া-দাওয়া কিংবা যত্রতত্র ময়লা ফেলার মতো আচরণের জন্য এখন জরিমানার মুখে পড়তে হতে পারে সিঙ্গাপুরের যাত্রীরা। নতুন নিয়ম অনুযায়ী, এসব আচরণের জন্য সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। আর গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত হতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের স্থল পরিবহণ কর্তৃপক্ষ (এলটিএ) নতুন বিধিমালার ঘোষণা দেয়। এর আওতায় গণপরিবহণে যাত্রীদের বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত কিছু আচরণকে আনুষ্ঠানিকভাবে আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হবে। কর্তৃপক্ষের লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করা।
নতুন বিধি অনুযায়ী, বাস টার্মিনাল বা বাস ইন্টারচেঞ্জে অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা তাদের জন্য ঝুঁকি তৈরি করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। একই পরিমাণ জরিমানা হতে পারে বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের কোনো অংশ নোংরা করলে।
নতুন নিয়মগুলো সিঙ্গাপুরের রেল ও গণদ্রুত পরিবহণ (এমআরটি) ব্যবস্থায় প্রচলিত বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এর আগে বাসে খাবার বা পানীয় গ্রহণের মতো বিষয়গুলো সাধারণত বাস কোম্পানির নিজস্ব নীতিমালার আওতায় ছিল। চালকরা প্রয়োজনে যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলতেন। তবে নতুন ব্যবস্থায় এসব আচরণ সরাসরি আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে এবং জরিমানার বিধানও কার্যকর থাকবে।
এলটিএ জানিয়েছে, টিকিট পরিদর্শক ও বাস ইন্টারচেঞ্জের কর্মীদের মতো অনুমোদিত কর্মীরা কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ হলে তাকে আনুষ্ঠানিক নোটিশ দিতে পারবেন।
তবে বাসচালকদের, যাদের সিঙ্গাপুরে ‘ক্যাপ্টেন’ বলা হয়, এই ক্ষমতা দেওয়া হয়নি। তাদের মূল দায়িত্ব নিরাপদে বাস পরিচালনা করা। তবে তারা যাত্রীদের বিরক্তিকর আচরণ বন্ধ করার নির্দেশ দিতে পারবেন। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে পুলিশও হস্তক্ষেপ করতে পারবে।
গণপরিবহণে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বের আরও কয়েকটি শহরেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোভ শহরে গণপরিবহণে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘শান্তি ও নীরবতা নষ্ট’ করলে সর্বোচ্চ ২০০ জলোটি জরিমানার বিধান চালু করা হয়েছে।
যুক্তরাজ্যেও ট্রেন ও স্টেশনে অসামাজিক আচরণের বিরুদ্ধে আইন রয়েছে। অন্য যাত্রীদের বিরক্ত করে অনুমতি ছাড়া শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারের ওপরও বিধিনিষেধ রয়েছে। দেশটির কয়েকজন রাজনীতিক বাসসহ বিভিন্ন গণপরিবহণে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানার প্রস্তাবও দিয়েছেন।
সিঙ্গাপুরের এলটিএ বলেছে, গণপরিবহণ সবার জন্য উন্মুক্ত একটি যৌথ স্থান। তাই যাতায়াতের পরিবেশকে স্বস্তিদায়ক ও সুন্দর রাখতে প্রত্যেক যাত্রীরই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
সূত্র: বিবিসি



