আন্তর্জাতিক

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

আন্তর্জাতিক ডেস্ক: একই স্বপ্ন তিনবার দেখার পর পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন সিরিয়ার দেইর আজ-জোরের তরুণ আবদুল্লাহ আল-নায়েফ। দুর্গম মরুভূমির পথ পাড়ি দিয়ে তিনি ইতোমধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছেছেন।

দেইর আজ-জোরের পশ্চিমাঞ্চলের জুগাইর জাজিরা গ্রাম থেকে প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন আবদুল্লাহ। দীর্ঘ ও দুর্গম মরুভূমির পথ পেরিয়ে তিনি পায়ে হেঁটেই মক্কার দিকে এগিয়ে চলেছেন।

আবদুল্লাহ জানিয়েছেন, তার এই যাত্রা কোনো ক্রীড়া চ্যালেঞ্জ কিংবা রোমাঞ্চের উদ্দেশ্যে নয়। একটি বিশেষ স্বপ্নই তাকে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

যাত্রাপথে ধারণ করা এক ভিডিওতে আবদুল্লাহ বলেন, একই স্বপ্ন তিনি তিনবার দেখেছেন। এরপরই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন। মক্কায় পৌঁছে ২০০ বার কোরআন খতম করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

পথে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে আবদুল্লাহর। অনেকেই তার সঙ্গে কথা বলছেন, কেউ তার যাত্রার কারণ জানতে চাইছেন, আবার কেউ খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবে অচেনা মানুষের কাছ থেকেও যাত্রাপথে সহায়তা পাচ্ছেন তিনি।

আল-সুখনা শহরে পৌঁছালে সড়কের নিরাপত্তাকর্মীরা তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা তাকে আতিথ্যও দেন। স্থানীয় এক বাসিন্দাও তাকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন। পরে আবার মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পথচারীরা বিভিন্ন স্থানে আবদুল্লাহর সঙ্গে কথা বলছেন। তাদের কাছে তিনি নিজের যাত্রার উদ্দেশ্য এবং যে স্বপ্ন তাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে, সে বিষয়েও কথা বলছেন।

এরই মধ্যে আবদুল্লাহর এই দীর্ঘ পদযাত্রার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে দেখা হওয়া অনেকেই ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রকাশ করছেন। তবে আবদুল্লাহর ঘনিষ্ঠরা তাকে অযথা বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন। তার এই যাত্রাকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর উপকরণ হিসেবে ব্যবহার না করে শান্তভাবে পথ চলার সুযোগ দেওয়ার অনুরোধও করেছেন তারা।

দেইর আজ-জোরের মরুভূমি পেরিয়ে আবদুল্লাহ এখন মক্কার পথে এগিয়ে চলেছেন। তবে তার পুরো যাত্রাপথের দৈর্ঘ্য, মোট কত দূরত্ব পাড়ি দিতে হবে কিংবা কবে তিনি মক্কায় পৌঁছাবেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button