সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না: ফজলুর রহমান

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না। সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে, এরপর সাপ মারতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে সততা বজায় রাখতে হবে; চাঁদাবাজি ও ধান্দাবাজি করলে জনগণ কাউকে ছাড় দেবে না।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছিল এবং মুনীর চৌধুরী, ডা. আলীম চৌধুরী, শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের মতো সূর্যসন্তানদের হত্যা করেছিল—তারা কখনোই আমাদের ‘খালাতো ভাই’ হতে পারে না। তারা সংসদে গেলে সাধু সাজে, আর বাইরে এসে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে।
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কড়া সমালোচনা করে ফজলুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। ২০১৪ সালে একতরফা, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে আমি-ডামির নির্বাচন করেছিলেন। এখন বলছেন ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরতে পারবেন না। আর বিএনপিকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে—এমন ভাবার কোনো সুযোগ নেই।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় তারেক রহমান ও বিএনপিকে দেখতে চাইলে নিজেদের আচরণ সংযত রাখতে হবে। মানুষ এখন অনেক সচেতন। ক্ষমতার দাপট কিংবা কোনো ধরনের অপকর্মে জড়ালে জনগণ তা মেনে নেবে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতারা।



