অপরাধজাতীয়

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গাড়ির চালকসহ বিভিন্ন স্তরের পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া উপপুলিশ কমিশনারের (সদর দপ্তর) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।

ফেরার পথে গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে। দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রিজন ভ্যান থামিয়ে তাকে স্থানীয় একটি শৌচাগারে নিয়ে গেলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কারাগারে ফিরিয়ে আনার পথে নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর এলাকা থেকে স্ত্রী ও শ্যালকসহ তাকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ২৫টির মতো মামলা রয়েছে। পলাতক রাজাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button