আ.লীগের সাবেক এমপি ছানোয়ার ফের গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিল ও গুলিবর্ষণের ঘটনায় ভিক্টিম সোহেলী তামান্নাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে (৫৫) ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ছানোয়ার হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানার ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
এ সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে মামলার বাদী ও ভিক্টিম সোহেলী তামান্নার বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে। একই সঙ্গে তিনি কোমরের পেছনে পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্তকালে পাওয়া তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় মদদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।



