বাংলাদেশ

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

বাংলা টিভি ডেস্ক: আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জমিতে অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার পর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সেখানে স্থানান্তর করা হবে।

তিনি জানান, ঝিলমিল প্রকল্প এলাকায় ডিপো তৈরির জন্য ১০ একর জমি পাওয়া যাচ্ছে। সেখানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জমি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ওই জমিতে ভবিষ্যতে স্থায়ী বাস টার্মিনাল ও ডিপো গড়ে তোলা হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ বিভিন্ন ধরনের পরিবহন পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে। এর পাশাপাশি বাদামতলী আড়তের ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী যানও সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, স্থায়ী টার্মিনাল ও ডিপোর নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ১০ একর জায়গায় অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল পরিচালনা করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, টার্মিনাল স্থানান্তরের জন্য সর্বোচ্চ তিন মাস সময় নির্ধারণ করা হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে। সেখানে পরিবহন ব্যবস্থাপনা নির্দিষ্ট শৃঙ্খলা ও নিয়মের মধ্যে পরিচালিত হবে।

তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত ব্যবস্থার বাইরে কোনো ধরনের অনিয়মের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button