গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি গার্মেন্টস কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ডেগির চালা এলাকার ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই, দুপুর ২টা ৪৫ মিনিটে কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় সদস্যরা বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছান।
পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চালানো হয়। এ পর্যন্ত ৬৯ জনকে ভবন থেকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।



