বাংলাদেশ

ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি জানান, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সারা বছর কৃষি উৎপাদন অব্যাহত রাখার বিষয়ে ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে এবং এসব মসজিদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনরা সরাসরি যুক্ত। ফলে তাদের মাধ্যমে কৃষি, নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সহজেই ছড়িয়ে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা নিজেরাও আধুনিক ও বিষমুক্ত কৃষিকাজে যুক্ত হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা স্থানীয় মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতেন। সেই ঐতিহ্যবাহী অভিজ্ঞতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়ন ও কৃষি ব্লকে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। এর সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের সম্পৃক্ত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষির বিষয়ে সচেতনতার বার্তা আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন কৃষিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button