বাংলাদেশ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

বাংলা টিভি ডেস্ক: পাবনার সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকায় পূর্বশত্রুতার জেরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার বেশি মাছ নিধনের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পৌরসভার চরমানিকদীর এলাকায় চার বিঘা জমির ওপর খনন করা দুটি পুকুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা জানান, তারা স্থানীয় মঞ্জু মণ্ডলের কাছ থেকে বছরে ৭০ হাজার টাকা চুক্তিতে দুটি পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। মাছ চাষই তাদের পরিবারের আয়ের প্রধান উৎস।

তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুর দুটিতে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক মাছ মারা যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি বলে ধারণা করছেন তারা।

মৎস্যচাষিরা বলেন, স্থানীয় ব্র্যাক অফিস থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। মাছ মারা যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের ভাষায়, এই ক্ষতির কারণে পরিবারের জীবিকা চালানোও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এবোর মোল্লা ও সেলিম মোল্লা মাছ চাষের আয় দিয়েই সংসার পরিচালনা এবং সন্তানদের পড়াশোনার খরচ বহন করেন। পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button