বাংলাদেশ

পায়ুপথ দিয়ে জেলের পেটের ভেতর ঢুকে পড়ল জীবন্ত বাইম মাছ, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে এক জেলের পায়ুপথ দিয়ে ঢুকে বৃহদান্ত্র ফুটো করে পেটের ভেতরে চলে যায় একটি বাইম মাছ। পরে অস্ত্রোপচার করে প্রায় ৬০ সেন্টিমিটার লম্বা মাছটি জীবিত অবস্থায় বের করে আনেন চিকিৎসকেরা। অস্বাভাবিক এই ঘটনাটি নিয়ে একটি চিকিৎসা প্রতিবেদন প্রকাশিত হয়েছে International Journal of Surgery Case Reports-এ।

প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল বলে জানান তিনি।

শারীরিক পরীক্ষায় তার রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হৃদস্পন্দন ছিল কিছুটা বেশি—মিনিটে প্রায় ১১০ বার। চিকিৎসকদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, আগের দিন দুর্ঘটনাবশত একটি বাইম মাছ তার পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে ঢুকে যায়।

ওই ব্যক্তির ভাষ্য, ঘটনার সময় তিনি লুঙ্গি পরা ছিলেন। লুঙ্গির নিচের খোলা অংশ দিয়ে মাছটি ঢুকে পায়ুপথের মাধ্যমে শরীরের ভেতরে চলে যায়।

পরে চিকিৎসকেরা তার পেট পরীক্ষা করে শক্ত ও স্পর্শকাতর অবস্থায় পান। এক্স-রে পরীক্ষায় পেটের ডান দিকে মাছের আকৃতির একটি কালো ছায়া দেখা যায়। এতে চিকিৎসকদের ধারণা হয়, মাছটি অন্ত্রের দেয়াল ফুটো করে পেটের ভেতরে চলে গেছে।

চিকিৎসকেরা জানান, অন্ত্র ফুটো হয়ে গেলে দ্রুত চিকিৎসা না করা হলে পেটের ভেতরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং তা জীবনহানির কারণ হতে পারে। তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় সিগময়েড কোলনে ছিদ্র করে মাছটি পেরিটোনিয়াল গহ্বর থেকে বের করে আনা হয়। সিগময়েড কোলন হলো বৃহদান্ত্রের এস-আকৃতির একটি অংশ, যা মলদ্বারের কাছাকাছি অবস্থিত।

চিকিৎসকদের মতে, মাছটির দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ সেন্টিমিটার এবং অস্ত্রোপচারের সময়ও সেটি জীবিত ছিল। তাদের ধারণা, অন্ত্রের দেয়াল ভেদ করে পেরিটোনিয়াল গহ্বরে প্রবেশের পরও মাছটি সেখানে কিছু সময় বেঁচে থাকতে সক্ষম হয়।

পেরিটোনিয়াল গহ্বর পেটের বিভিন্ন অঙ্গকে ঘিরে থাকা একটি স্থান, যেখানে অঙ্গগুলোর পারস্পরিক ঘর্ষণ কমাতে তরল থাকে। চিকিৎসকদের ধারণা, এই তরলের কারণেই মাছটি কিছু সময় জীবিত থাকতে পারে। তবে এতক্ষণ মাছটি কীভাবে জীবিত ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।

অস্বাভাবিক এই ঘটনাটি নিয়ে প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনটি চিকিৎসাবিষয়ক জার্নাল International Journal of Surgery Case Reports-এ প্রকাশিত হয়েছে।

সূত্র: লাইভ সায়েন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button