‘দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য’

বাংলা টিভি ডেস্ক: তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে অনলাইনে সংরক্ষিত বিয়ে ও তালাকের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন ও বিচারমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর ফলে বিয়ের আগে কোনো ব্যক্তির আগের বৈবাহিক তথ্য অনলাইনে যাচাই করা সম্ভব হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নিকেতনের ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কাজীদের অনলাইন নিবন্ধন পদ্ধতি ও সফটওয়্যার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী জানান, ধাপে ধাপে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।
তিনি বলেন, বিয়ে ও তালাকের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকলে কেউ আগের বিয়ের তথ্য গোপন করে নতুন করে বিয়ে করতে চাইলে তা সহজেই যাচাই করা যাবে। একই সঙ্গে এ ব্যবস্থা বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধেও সহায়ক হবে।
আইনমন্ত্রী আরও জানান, কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলেও নিবন্ধিত তথ্য যাচাই করে বৈবাহিক সম্পর্কের সত্যতা নির্ধারণ করা সম্ভব হবে। এতে উত্তরাধিকার ও বৈবাহিক সম্পর্ক নিয়ে বিরোধজনিত মামলা কমতে পারে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর চাপও হ্রাস পেতে পারে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ও কথিত সিন্ডিকেট ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া চালুর কথাও জানান আইনমন্ত্রী।



