‘ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল’

বাংলা টিভি ডেস্ক: ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, জাপান থেকে ৩০ সদস্যের একটি দল আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় আসবে। তারা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে সম্মতি দিয়েছে।
তিনি বলেন, নিজেদের শহর পরিষ্কার রাখতে না পারা দুঃখজনক। পরিচ্ছন্নতার ক্ষেত্রে বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থানে নেই—এ বিষয়টি আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়। তাই অন্যের ওপর নির্ভর না করে নিজেদের জায়গা নিজেদেরই পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য ডেঙ্গু পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, অনেক শিক্ষার্থী কক্ষের খাবারের উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হতে পারে, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়ায়।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস মানুষের ভেতর থেকেই তৈরি হওয়া প্রয়োজন। শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, বছরের ৩৬৫ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।



