বাংলাদেশ

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

বাংলা টিভি ডেস্ক: ইট-পাথরে তৈরি পাকা কবর। চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ, রয়েছে পিলার, ছাদ ও ছোট ছোট মিনার। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো ছোট স্থাপনা। কিন্তু এটি আসলে একটি কবর। আর সেই কবরের পাশেই বসে জীবনের শেষ সময়ের অপেক্ষা করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আব্দুর রহিম।

গত পাঁচ বছর ধরে নিজের হাতে তৈরি করা এই কবরের দেখভাল করছেন তিনি। প্রতিদিন নিয়ম করে কবরের আশপাশ পরিষ্কার করেন। ধুলাবালি জমলে নিজেই তা পরিষ্কার করে রাখেন। শুধু নিজের জন্য নয়, মৃত্যুর পর স্ত্রীকেও যেন পাশে দাফন করা হয়, সেই ইচ্ছায় পাশাপাশি আরেকটি কবরও প্রস্তুত করে রেখেছেন তিনি।

আব্দুর রহিম জানান, মৃত্যুর পর সন্তানরা তাকে ও তার স্ত্রীকে যথাযথভাবে দাফন করবে কি না, তা নিয়ে তার মনে শঙ্কা রয়েছে। এ কারণেই জীবিত থাকতেই দুজনের কবর প্রস্তুত করেছেন তিনি।

তার ভাষায়, ‘আমার শেষ ইচ্ছা, মৃত্যুর পর যেন আমাকে ও আমার স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়।’

মৃত্যুর পর পরিবারের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য দাফন-পরবর্তী কিছু আনুষ্ঠানিকতার প্রস্তুতিও আগেভাগে নিয়ে রেখেছেন বলে জানান আব্দুর রহিম। তিনি বলেন, জীবিত থাকতেই চল্লিশা ও দোয়া মাহফিলের আয়োজন শেষ করেছেন।

কবর দেখতে মানুষের ভিড়

আব্দুর রহিমের ব্যতিক্রমী এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তার বাড়িতে আসছেন। কেউ বিষয়টিকে বিস্ময়কর মনে করছেন, আবার কেউ মনে করছেন, জীবনের অনিবার্য পরিণতি সম্পর্কে গভীর উপলব্ধি থেকেই তিনি এমন প্রস্তুতি নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রশিদ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর রহিম নিজের কবরের যত্ন নিচ্ছেন। তার এই ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ কুশাডাঙ্গা গ্রামে আসছেন।

একই গ্রামের আব্দুর রহমান বলেন, জীবনে এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। নিজের জন্য কবর খুঁড়ে সেটি পাকা করে রাখার ঘটনা এলাকায় বেশ কৌতূহল তৈরি করেছে। প্রায় প্রতিদিনই মানুষ কবরটি দেখতে আব্দুর রহিমের বাড়িতে ভিড় করছেন বলে জানান তিনি।

স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আব্দুর রহিম নিজের ও তার স্ত্রীর জন্য পাকা কবর তৈরি করে রেখেছেন। বিষয়টি জানার পর তিনিও সেখানে গিয়েছিলেন।

চেয়ারম্যানের ভাষ্য, মৃত্যুর পর সন্তানরা তাকে দাফন করবে কি না এবং তার স্ত্রীকে তার পাশে দাফন করা হবে কি না—এ নিয়ে আব্দুর রহিমের মনে সংশয় রয়েছে। মূলত সেই কারণেই তিনি জীবিত থাকতেই দুজনের জন্য কবর তৈরি করে রেখেছেন। প্রায় এক বছর আগে তিনি চল্লিশার আয়োজনও করেছেন বলে জানান চেয়ারম্যান।

ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্নমত

এ বিষয়ে মুফতি মাহফুজুর রহমান বলেন, নির্দিষ্ট ব্যক্তির কবর পাকা করা এবং কবরের ওপর স্থাপনা নির্মাণ শরিয়তসম্মত নয়। তার দাবি, রাসুল (সা.) ও সাহাবিদের যুগে এ ধরনের প্রচলন ছিল না।

তিনি বলেন, কবরস্থানের সামগ্রিক পরিবেশের উন্নয়ন করা যেতে পারে; তবে নির্দিষ্ট কোনো ব্যক্তির কবর পাকা করা শরিয়তসম্মত নয়। আব্দুর রহিম জীবিত অবস্থায় নিজের কবর পাকা করে যে কাজ করেছেন, সেটিকে তিনি শরিয়তবিরোধী বলে মন্তব্য করেন।

মৃত্যু জীবনের অবধারিত পরিণতি। তবে জীবিত থাকতেই নিজের ও স্ত্রীর কবর তৈরি করে রাখা, নিয়মিত সেই কবরের পরিচর্যা করা এবং মৃত্যুর পরের আনুষ্ঠানিকতার প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করার ঘটনা কুশাডাঙ্গায় তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

আব্দুর রহিমের এই উদ্যোগকে কেউ দেখছেন ব্যতিক্রমী প্রস্তুতি হিসেবে, আবার কারও কাছে এটি জীবনের শেষ সত্যকে গভীরভাবে উপলব্ধি করার একটি ভিন্ন প্রকাশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button