বাংলাদেশ

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

বাংলা টিভি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

এক দিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেছেন।

পুলিশের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই এখনও চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

যে অভিযোগে মামলা

এর আগে শনিবার (৩ অক্টোবর) ঢাকার একটি আদালত বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও মামলায় রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

যেভাবে গ্রেপ্তার

এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

তবে রিমান্ডে স্বীকারোক্তির বিষয়ে তদন্ত কর্মকর্তার এই দাবি আদালতে কীভাবে মূল্যায়ন করা হবে, সেটিই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button