পাঞ্জাবে সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের অমৃতসরে গুলিতে নিহত হয়েছেন এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধু। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লোহরকা রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলেই মাদ সান্ধুর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো হত্যার কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মাদ সান্ধুর আসল নাম মধুসূদন সান্ধু। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে তিনি ‘মাদ সান্ধু’ নামে পরিচিত ছিলেন। ইনস্টাগ্রামে তার দুই লাখের বেশি অনুসারী ছিল। অমৃতসরে তিনি একটি মেকআপ প্রতিষ্ঠান ও সৌন্দর্যবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। পাশাপাশি ফ্যাশন, সৌন্দর্যচর্চা ও বিভিন্ন সামাজিক বিষয়ে কনটেন্ট তৈরি করতেন। পাঞ্জাবি সিনেমা ‘ওয়ে ভোলে ওয়ে’-তেও অভিনয় করেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এর আগে সমালোচনা ও হয়রানির মুখে পড়েছিলেন সান্ধু। হত্যাকাণ্ডের আগে তার কিছু কনটেন্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে এসব ঘটনার সঙ্গে তার হত্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে হত্যার পর ‘গোল্ডি ধিলোঁ’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে কথিত দায় স্বীকারের একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে সান্ধুর বিরুদ্ধে পাঞ্জাবকে ‘নষ্ট’ করার অভিযোগ তোলা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে পোস্টটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরই কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, হামলাকারীদের পরিচয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর সত্যতা—সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। ফলে এখন পর্যন্ত কোনো একটি কারণকে হত্যার নিশ্চিত উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



