বাংলাদেশপ্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।

তিনি জানান, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে ঠিক কোন তারিখে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রেস সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয় গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায়। ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতেও জানানো হয়। একই বৈঠকে হিরোয়ুকি নামাজু ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।

এদিকে জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশের পক্ষ থেকেও দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রস্তাবিত সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button