বগুড়ায় সাংবাদিক পরিচয়ে মাদক বহন, এসআরবির অভিযানে আটক ২

বগুড়া প্রতিনিধি( ডিজিটাল): বগুড়ায় ভুয়া সাংবাদিক পরিচয়ে মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে ৭৮ বোতল ইস্ক্যাফসহ আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। একই সময়ে পৃথক দুটি অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পাকা সড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসআরবি-১২-এর সদস্যরা।
এ সময় লাল রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টে এলে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছে অবৈধ মাদক রয়েছে বলে স্বীকার করেন বলে দাবি করেছে এসআরবি।
পরে সাক্ষীদের উপস্থিতিতে মো. মিজানুর রহমান (৩৪) ও মো. রকি সরকার (৩৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৮ বোতল ‘ESkuf’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
এ ছাড়া তাদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড, পুরোনো একটি নষ্ট ক্যামেরা, একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, ১ হাজার ৫০০ টাকা এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আটক দুজন ও উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বগুড়া সদর ও গাবতলী এলাকা থেকে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদর থানার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় একটি হত্যা মামলার আসামি মো. মারুফ ওরফে সারকো ওরফে আসাদুজ্জামান মারুফ (২১) অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
মারুফ নিশিন্দারা এলাকার বাসিন্দা। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর অভিযানে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মধ্য তেজোপাতা গ্রামে অভিযান চালিয়ে আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. আব্দুল কুদ্দুসকে (৩৬) গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে পাপুল মণ্ডলের বাসায় অভিযান চালিয়ে কুদ্দুসকে আটক করা হয়। তিনি বগুড়া সদর থানার পাঁচবাড়ীয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে আতিকুর রহমান সাগরকে তার শ্বশুর মো. রবিউল ইসলাম বোবলার বাড়ির গলিতে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুদ্দুসকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
গ্রেফতার কুদ্দুসের বিরুদ্ধেও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১২।
এসআরবি-১২ জানিয়েছে, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



