ঘোষণার ৫ দিনের মধ্যেই শহীদ আবু সাঈদের ঘরবাড়ি-কবরস্থানের উন্নয়নে কোটি টাকা ছাড়

বাংলা টিভি ডেস্ক: শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের উন্নয়নে ঘোষিত এক কোটি টাকা অবশেষে ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যেই সোমবার (৫ অক্টোবর) এই অর্থ অবমুক্ত করা হয়।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত অর্থ অবমুক্তির চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাড়পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।
অর্থ অবমুক্তির চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের জন্য মোট ১০৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘরবাড়ি ও কবরস্থান উন্নয়নে বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকা। এ ছাড়া পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে জেলা পরিষদের এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২ এবং প্রচলিত আর্থিক ও প্রশাসনিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত প্রকল্পের বাইরে অন্য কোনো কাজে এই অর্থ ব্যবহার করা যাবে না বলেও ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আবু সাঈদের মা-বাবার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের বাড়িঘর ও কবরস্থান উন্নয়নে সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও অর্থ দেওয়ার ব্যবস্থার কথাও জানিয়েছিলেন তিনি।
ঘোষণার পাঁচ দিনের মধ্যেই অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার। তবে বরাদ্দকৃত অর্থ যেন যথাযথভাবে ব্যবহার করে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার বাড়িঘর ও কবরস্থানসহ নির্ধারিত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।



