ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওনকে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তাদের ধরতে অভিযানে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ (৪৬) নামে টঙ্গী পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।
পুলিশ জানায়, রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় শাওন ও সাগরকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে আহত অবস্থায়ও পুলিশ কর্মকর্তা শাওনকে আটক করতে সক্ষম হন। এরপর অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত এসআই হানিফ মাহমুদকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



