বাংলাদেশ

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

টাঙ্গাইল প্রতিনিধি( ডিজিটাল): টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকায় মুহূর্তের মধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে কলাগাছ ভেঙে ও উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, আনারস এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও। অনেক বাগানে গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

মধুপুর উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির বিভিন্ন ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠপর্যায়ে পরিদর্শন ও তথ্য সংগ্রহ শেষ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে পরিচর্যা ও বিপুল অর্থ বিনিয়োগের পর বাগানগুলোতে ফসল সংগ্রহের সময় প্রায় চলে এসেছিল। অনেকেই ধারদেনা করে কিংবা নিজেদের সঞ্চয় থেকে টাকা নিয়ে কলা, আনারস ও পেঁপে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ ঝড়ে অল্প সময়ের মধ্যেই সেই ফসলের বড় একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় এখন বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষকদের ভাষ্য, একটি কলাগাছ বা ফলগাছ নষ্ট হওয়ার সঙ্গে শুধু একটি গাছের ক্ষতিই জড়িত নয়। এর পেছনে রয়েছে কৃষকের দীর্ঘদিনের শ্রম, অর্থ, ঋণ এবং পরিবারের নানা খরচ। ফলে একসঙ্গে অনেক গাছ ও ফসল নষ্ট হওয়ায় তাদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন তারা।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বুধবার দুপুরের আকস্মিক ঝড়ে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সব এলাকা পরিদর্শন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button