যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ

বাংলা টিভি ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে। এর প্রভাবে একক দেশ হিসেবে মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকদের তালিকায় দ্বিতীয় অবস্থান হারিয়েছে বাংলাদেশ। আগস্ট শেষে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন।
মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
অটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৫৩৯ কোটি ৩৪ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
অন্যদিকে একই সময়ে চীন মার্কিন বাজারে ৫৬৩ কোটি ৭ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। ফলে বাংলাদেশকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছে দেশটি। তবে চীনের পোশাক রপ্তানিতেও বড় ধরনের পতন দেখা গেছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও শুল্কসংক্রান্ত নানা জটিলতার প্রভাবে দেশটির রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে বাংলাদেশ ৪৬৫ কোটি ৮৯ লাখ ডলারের পোশাক রপ্তানি করে চীনের চেয়ে এগিয়ে ছিল। তবে আগস্টের হিসাব যুক্ত হওয়ার পর চীন বাংলাদেশকে ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। দেশের মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় এক-পঞ্চমাংশ আসে মার্কিন বাজার থেকে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজারটিতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ওঠানামা দেখা গেছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি রেকর্ড ৩৬ শতাংশ বেড়ে ৯৭৩ কোটি ডলারে পৌঁছেছিল। পরের বছর বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির প্রভাবে রপ্তানি প্রায় ২৫ শতাংশ কমে ৭২৯ কোটি ডলারে নেমে আসে।
এরপর ২০২৪ সালে রপ্তানি সামান্য বেড়ে ৭৩৪ কোটি ডলারে দাঁড়ায়। ২০২৫ সালে প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তা বেড়ে ৮২০ কোটি ডলারে পৌঁছায়।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির সামগ্রিক চিত্রও দুর্বল। অটেক্সার হিসাবে, জানুয়ারি-আগস্ট সময়ে দেশটির ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪ হাজার ৯০৭ কোটি ৫৫ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই আমদানি ৭ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০২৫ সালের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলার।
সামগ্রিক বাজারে চাহিদা কমলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী হিসেবে ভিয়েতনাম এখনো শীর্ষে রয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে দেশটি যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৭ কোটি ৫৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় ভিয়েতনামের রপ্তানিও ০ দশমিক ৭৬ শতাংশ কমেছে।



